ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিনগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা মহানগর ছাত্রদলের (দক্ষিণ) সভাপতি হাবিবুর রশীদ হাবিব।
বাম পাঁজরে ও বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে (৩০) মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মেডিকেল প্রতিনিধি জানান। হাবিবের মাথায়ও গুলি আঁচড় কেটেছে।
হাবিব হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ইস্টার্ন প্লাসের পেছনের গলিতে তার ওপর গুলি চালানো হয়।
হামলার জন্য সরকার সমর্থক ছাত্রলীগের এক নেতাকে দায়ী করেছেন বিএনপি সমর্থক ছাত্র সংগঠনের নেতা হাবিব।
পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দালের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। হাবিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষপদে যাওয়ার জন্য লবিং করছিলেন বলে শোনা গেছে ।
বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাবিবকে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমআই/১২০৫ ঘ.
bdnews24