যশোর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে ইসলামী ঐক্যজোট একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।
মঙ্গলবার দুপুর ১টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মুফতি মো. ওয়াক্কাস।
তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে শুক্রবার যশোরে মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার হেফাজতে ইসলাম'র সমর্থক ও পুলিশের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র হোসাইন আহমেদ নিহত এবং পাঁচ পুলিশ কনস্টেবলসহ অন্তত ২৫ জন আহত হন।
ওই ঘটনা তদন্তে গঠিত বর্তমান কমিটি নিরপেক্ষ নয় উল্লেখ করে তিনি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
সরকার নারী নীতি স্থগিত করলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, হারুন-অর-রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।
সোমবারের হরতালকে সামনে রেখে বোরবার যশোরে পুলিশ ও হেফাজতে ইসলাম'র সমর্থকদের সংঘর্ষে মনিরামপুর মাদানীনগর কওমী মাদ্রাসার ছাত্র হোসাইন আহমেদ নিহত হন। এছঅড়া পাঁচ পুলিশ কনস্টেবলসহ ২৫ জন আহতও হন।
ওই ঘটনায় পুলিশ রেল স্টেশন মাদ্রাসার সুপার আনোয়ারুল কবির, ইসলামী ঐক্যজোটের একাংশের জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সভাপতি আব্দুল মান্নান, রেল স্টেশন মসজিদের ইমাম ইউনুস আলীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৪/৫'শ জনের বিরুদ্ধে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24