২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অর্থপাচার: শুনানি আবার পেছালো

তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি নবমবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি নবমবারের মতো পিছিয়েছে। তারেক-মামুনের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ শুনানির জন্য রোববার ঢাকার জেষ্ঠ বিশেষ জজ মো. জহরুল হকের আদালতে সময় চান। বিচারক আগামী ৫ মে শুনানির জন্য আবার দিন ঠিক করেছেন। এর আগে ১ মার্চ এ আদালত রোববার পর্যন্ত এ শুনানি মুলতবি করে। সানাউল্লাহ মিয়া বলেন, এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারেকদের বিরুদ্ধে মামলা ২০০৯ সালের মুদ্রা পাচার আইনে নয়, ২০০২ সালের মুদ্রা পাচার আইনের অধীনে চলবে বলে মতামত দেন- ওই আদেশের সত্যায়িত কপি এখনো পাওয়া যায়নি। এ কারণে সত্যায়িত কপি দাখিলে সময় দরকার। রাষ্ট্রপক্ষে এ বক্তব্যের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল। তিনি মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্যের আবেদন করেন। এ মামলায় গত ৬ জুলাই বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। অভিযোগপত্রে বলা হয়, তারা দুজন ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ দশমিক ৪১ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন। মামুনকে কারাগারে থেকে রোববার আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৩০৫ ঘ.