ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এ সরকার গণতন্ত্রী নয়। জনগনের সমস্যা সমাধানে এদের কোনো মাথা ব্যাথা নেই। এ সরকারকে বিদায় নিতে হবে। জনগনের মুক্তি আসন্ন।
শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
কারাবন্দি বিএনপি নেতা আ ন হ এহছানুল হক মিলনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গাজীপুরে বসবাসকারী কুচয়া জাতীয়তাবাদী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
এহছানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে অভিযোগ ও এর সমালোচনা করে হান্নান শাহ বলেন, "সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে ২২টি মামলা দিয়েছে। এগুলো সবই মিথ্যা মামলা।"
তিনি অভিযোগ করে বলেন, "এ সরকার বিদেশীদের যোগসাজসে ক্ষমতায় বসেছে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে বলেই জনগনের সমস্যা সমাধানে কোনো মাথা ব্যাথা নেই।
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, "এই সরকারকে রুখতে আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা হবে।''
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুছ তালুকদার দুলু, এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী এবং উলামা দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২০৯ ঘ.
bdnews24