২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় প্রার্থীর বাড়িতে হামলা, সংঘর্ষে আহত ৫০

ভোলার চরফ্যাশন উপজেলায় ইউপি চেয়ারম্যান পদের এক প্রার্থীর বাড়িতে প্রতিপক্ষের সমর্থকদের হামলা ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ভোলা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় ইউপি চেয়ারম্যান পদের এক প্রার্থীর বাড়িতে প্রতিপক্ষের সমর্থকদের হামলা ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার উপজেলার চর মানিকা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ২ এপ্রিল এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা। চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেয়ারম্যান প্রার্থী আবদুর রবের সমর্থকরা আমার গ্রামের বাড়িতে হামলা চালায়।" হামলাকারীরা ঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান রেজাউল। প্রতক্ষদর্শীরা জানান, এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ৪১ জনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চরফ্যাশন থানার ওসি মোবাশ্বির আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলার খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেওয়া হয়।" নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল আখতার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ওসমান ও মো. মহসিনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. মাকসুদ, মো. খোকন, গফুর, ফারুক ও বশির নামের পাঁচজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১২৩ ঘ.