ভোলা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ভোলা সদর ও দৌলতখান উপজেলায় অর্ধ শতাধিক আহত হয়েছেন।
এর মধ্যে ২৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর জেরে ওইরাত ও বুধবার সকালে সহিংস ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
ভোলা সদর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে বাপ্তা ইউনিয়নের চর পোটকা, উত্তর দিঘলদী ইউনিয়নের হাজী বাড়ীর দরজা ও ভেদুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এসব সহিংসতায় অন্তত ৪৫ জন আহত হয়েছে।
সংঘর্ষের পর সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানান ওসি।
এদিকে প্রত্যক্ষদর্শী মো রুবেল জানান, দৌলতখান উপজেলার চরপাড়া ইউনিয়নের তালতলীতে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংষর্ঘে ৫/৬ জন আহত হয়েছে।
তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দৌলতখান থানার ওসি শাজাহান শেখ জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে খবর নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.
bdnews24