ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের মদদেই যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সমর্থিত ছাত্রলীগ এর সম্মেলন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ''ছাত্রলীগের সন্ত্রাসে খোদ প্রধানমন্ত্রীও ক্ষুব্ধ। তারপরও তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।''
তিনি ক্ষমতাসীন দলের কথিত অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রী নয়। তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। ১৯৭৫ সালে তারাই গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো।
বর্তমান সরকারের দুই বছরের শাসনামলে ছাত্র ও যুব সংগঠনের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এসব কর্মকাণ্ডে যুব ও ছাত্র সমাজের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।
বর্তমান সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান মওদুদ।
জাগপা-ছাত্রলীগের সভাপতি শামীম আক্তার পাইলটের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সহসভাপতি রেহানা আখতার প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রশিবিরের সভাপতি ফখরুদ্দীন মানিক, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি বরকত উল্লাহ লতিফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এইচএ/২০১৮ ঘ.
bdnews24