বরিশাল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় সোলক ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে এক প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৮ রাউন্ড গুলিবর্ষণ করে।
সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন শোলক ইউনিয়নের সেকান্দার (৫৫) ও কাওছার (১২)।
ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ বাধা দেওয়ায় এই সংঘর্ষ ঘটে।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে ইউনিয়নের দক্ষিণ ধামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌরপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল পৌনে ৫টার দিকে ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফারুখ ও তার সমর্থকরা ভোটকেন্দ্রে ঢুকে পড়ে এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় কক্ষে ৬/৭ জন ভোটার ছিলো।"
ফারুখ ও তার সমর্থকদের পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। এসময় আরেক সদস্য পদপ্রার্থী আবু বক্কর ওরফে বারেক মেম্বারের সমর্থকরা তাদের নির্বাচনী প্রতিপক্ষ ফারুখ মেম্বার ও তার সমর্থকদের ওপর চড়াও হলে সংঘর্ষ আরো মারাত্মক আকার ধারণ করে।
উজিড়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৮ রাউন্ড গুলি ছোড়ে।"
তিনি জানান, সংঘর্ষে ৩ পুলিশ, ২০ আনসার, ৭ নির্বাচনী কর্মকর্তা ও কয়েকজন ভোটারসহ অর্ধশত আহত হয়েছে।
তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫১ ঘ.
bdnews24