২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিতলমারীতে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে সমাবেশ করার দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বাগেরহাট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে সমাবেশ করার দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রউফ হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। রাতেই রউফ জরিমানার টাকা পরিশোধ করেন। বুধবার চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৮২ হাজার ৫৫ জন। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান জানান, সোমবার রাতে ইউনিয়নের কলিগাঁতি গ্রামে সমর্থকদের নিয়ে সমাবেশ করার সময় আদালত রউফ ও তার দুই সমর্থককে আটক করে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরে রউফ ভুল স্বীকার করলে তাকে দশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। চিতলমারী থানার ওসি আব্দুল খালেক জানান, উপজেলার বড়বাড়িয়া ও কলাতলা ইউনিয়নে নির্বাচন নিয়ে কিছুটা উত্তেজনা রয়েছে। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৩২ ঘ.