নওগাঁ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলার সাতবাড়ীয়ায় বিএনপির বিবাদমান দুই পক্ষ একইস্থানে একইসময়ে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মান্দা থানার ওসি একেএম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত সাতবাড়ীয়া ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।
তিনি বলেন, "রোববার দুপুরে উপজেলা থানা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকের সমর্থকরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর সমর্থক লুৎফর রহমানকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।"
এর প্রতিবাদে টিপুর সমর্থকরা সোমবার বিকাল ৫টার দিকে সাতবাড়ীয়া এলাকায় সভা আহ্বান করে। এদিকে মকলেছুর রহমান মকের সমর্থকরাও একই স্থানে পৃথক সভা আহবান করে।
এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামান সভাস্থল ও আশপাশ এলাকায় সোমবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সভার নির্ধারিত স্থানে ১৪৪ ধারা জারি থাকায় টিপুর সমর্থকরা বিকালে সাতবাড়ীয়া থেকে আধা কিলোমিটার দূরে প্রতিবাদ সভা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২২০১ ঘ.
bdnews24