২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একাত্তর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দলিলে জিয়ার নাম নেই'

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের যেসব দলিলপত্র অবমুক্ত করেছে, সেসবের কোথাও জিয়াউর রহমানের নাম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের যেসব দলিলপত্র অবমুক্ত করেছে, সেসবের কোথাও জিয়াউর রহমানের নাম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভানেত্রী শেখ হাসিনা বলেন, "সেখানে শুধু বঙ্গবন্ধুর নামই আছে।" স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, "জাতির পিতা সব সময়ই সজাগ ছিলেন- কেউ যেনো আমাদের বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করতে না পারে। বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত হলে আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা পাওয়া যেতো না।" ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর 'অপারেশন সার্চ লাইট' শুরু হওয়ার পর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেওয়ার বিষয়টির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "তৎকালীন ইপিআরের অয়্যারলেসের মাধ্যমে জাতির জনক স্বাধীনতার ঘোষণা দেন। পরে, ২৬ মার্চ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় তা মাইকিং করা হয়। "আর, স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার জাতির জনকেরই ছিলো। কারণ জনগণের ম্যান্ডেট তারই ছিলো," যোগ করেন বঙ্গবন্ধু কন্যা হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমার ভাষণ তো টেলিভিশনের ঘোষক কোট (উদ্ধৃত) করে পড়ে। তাহলে কি তারা প্রধানমন্ত্রী হয়ে যায়?" ১৯৭১ সালের ২৬ মার্চ আওয়ামী লীগের নেতারা সারা দিন চট্টগ্রামে রেডিওতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন জানিয়ে শেখ হাসিনা বলেন, "এক সময়ে জহুর ইসলাম সাহেব বলেন, একজন আর্মি অফিসার ঘোষণা দিলে বোঝা যাবে- আর্মি আমাদের সাথে আছে। "তখন মেজর রফিককে ডাকা হলো। মেজর রফিক সে সময় জানিয়েছিলেন- তিনি যেখানে আছেন, সেখান থেকে সরে গেলে অসুবিধা হবে। পরে, জিয়াউর রহমানকে ডাকা হয়। "আর জিয়া তখন চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় সংগ্রাম পরিষদের দেওয়া ব্যারিকেড সরাতে ব্যস্ত ছিলেন।" ৩৫ বছর পর মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সুযোগ এসে গেছে। হাইকোর্ট রায় দিয়েছে। আর, জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে।" মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জাপানের দুর্যোগের কারণে ইচ্ছা থাকার পরও সরকার স্বাধীনতার ৪০ বছর পূর্তি জাকজমকভাবে করতে পারেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুককে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "ভুটান আমাদের সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিলো। এই রাজার দাদা আমাদের স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন।" যারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ফজলুল হক আমিনী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে আলোচনা সভায় শেখ হাসিনা বলে, "আওয়ামী লীগ কখনোই কোরআন-সুন্নাহ বিরোধী আইন করেনি। ভবিষ্যতেও করবে না।" নারী নীতিমালায় কোরআন-সুন্নাহ বিরোধী কিছু নেই বলেও দাবি করেন তিনি। সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' হিসাবে অন্তর্ভুক্ত করার আশা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "বাংলাদেশের স্বাধীনতা এসেছে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে। এবং তার সকল আয়োজন বঙ্গবন্ধু করে রেখে গিয়েছিলেন।" মুক্তিযুদ্ধ নিয়ে 'ছোটখাটো' বিভ্রান্তি দূর করার আহবান জানিয়ে আশরাফ বলেন, "মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতি শাসিত সরকার। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। আমরা ওসমানী সাহেবকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলি। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতিই সর্বাধিনায়ক। ওসমানী সাহেব ছিলেন চিফ অফ স্টাফ।" আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, "অনেকে আমাদের প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে। কী ভাবে দেশ চলবে, কী সিদ্ধান্ত নেওয়া হবে- সেই প্রেসকিপশন দিচ্ছে। বঙ্গবন্ধুকন্যা জীবন দিয়ে দেবে, কিন্তু মাথা নোয়াবে না।" আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, "যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে তাদের গণশত্র" হিসাবে চিহ্নিত করতে হবে।" ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চলতি বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার দাবি জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১২৫ ঘ.