২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রকল্প বাস্তবায়নে ত্র"টির কারণে দারিদ্র্য কমছে না'

বিগত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে অর্থ বরাদ্দ থাকলেও সুষ্ঠু বাস্তবায়নের অভাবে দরিদ্রের হার খুব একটা কমেনি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোতে অর্থ বরাদ্দ থাকলেও সুষ্ঠু বাস্তবায়নের অভাবে দরিদ্রের হার খুব একটা কমেনি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) একই বিষয়ে কাজ করলেও তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি। বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে 'রিসোর্সেস ফর দি আলট্রা পুওর ইন দি ন্যাশনাল বাজেট: হাউ মাচ? হাউ ইফেক্টিভ?' শীর্ষক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ সেমিনারের আয়োজন করে। খাদ্যমন্ত্রী বলেন, "বিগত সব পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য নিরসনে অর্থ বরাদ্দ থাকলেও সুষ্ঠু বাস্তবায়নের অভাবে দরিদ্রের হার তেমন কমেনি। এনজিওগুলো কাজ করলেও তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।" দেশের উত্তরাঞ্চলে কর্মরত আরডিআরএস নামের একটি এনজিওর কথা উল্লেখ করে তিনি বলেন, "এই এনজিওটি দীর্ঘদিন ধরে সেখানে কাজ করলেও বলতে পারবে না যে, একটি গ্রামেও দরিদ্রের হার তারা শূন্যের কোঠায় বা তার কাছাকাছি আনতে পেরেছে।" সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, "দারিদ্র্য নিরসনে অর্থ বরাদ্দ দেওয়া হলেও তা সুষ্ঠুভাবে বণ্টন ও ব্যবহার হয় না। এভাবে চলতে থাকলে দারিদ্র্য নিরসন করা সম্ভব নয়।" সরকার ও এনজিওগুলো এ বিষয়ে কাজ করলেও অনেক ক্ষেত্রেই দায়বদ্ধতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিপিডির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন জানান, গ্রামাঞ্চলের ৪৩ দশমিক ৮ শতাংশ এবং শহরের ২৮ দশমিক ৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। অর্থৎ তাদের আয় প্রতিদিন ১ ডলারের কম। শুধু সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দারিদ্র্যের হার কমানো যাবে না উল্লেখ করে দরিদ্রদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুপারিশ করেন তিনি। হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসহ অন্যান্য সেবা নিশ্চিত করার জন্য নুতন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান কেয়ার বাংলাদেশের 'ফুড সিকিউরিটি ফর দি আলট্রা পুওর ইন দি হাওর রিজন' কর্মসূচির ডেপুটি টিম লিডার খালেদা খানম। অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, "দরিদ্র মানুুষ কারা- তা চিহ্নিত করার ক্ষেত্রেও অনিয়ম দেখা যায়। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে বেশি বরাদ্দ দিয়েও লাভ হবে না।" অন্যদের মধ্যে সাবেক উপদেষ্টা এ বি এম আজিজুল ইসলাম ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন সেমিনারে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এলএন/জেকে/১৯৫৩ ঘ.