ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার কাজের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, এ জন্য দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হবে।
রাজধানীর বিয়াম মিলনায়তনে মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত 'রিকমান্ডেশন অফ দি কনসালটেটিভ ওয়ার্কশপ অন দি এনএইচআরসি ড্রাফট স্ট্রাটেজিক প্ল্যান' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হলে একটি মামলা বছরের পর বছর আদালতে গড়াবে না। বিচারপ্রার্থীদেরও ভোগান্তি পোহাতে হবে না।
"নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কাজ শেষ না হলে আদালত পরবর্তী করণীয় নির্ধারণ করবে।"
সংশোধন বিষয়ে শফিক আহমেদ বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে সংবিধান প্রতিষ্ঠিত হলেও একটি গোষ্ঠী এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
মন্ত্রিপরিষদে অনুমোদিত নারী নীতি প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন কোনো বিষয়ই এখানে নেই।
মন্ত্রিপরিষদে অনুমোদিত নারী নীতির বিরোধিতা করে ৪ এপ্রিল হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোট।
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, র্যাব-পুলিশের কাজ নিয়ে জনগণের অভিযোগেরও কিছু যৌক্তিকতা আছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছাকৃতভাবে মানবাধিকার লঙ্ঘন করলে তাদের বিচার করা হবে বলেও জানান তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির বাংলাদেশের আঞ্চলিক প্রতিনিধি স্টেফেন প্রিজনার, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এলএন/এএল/পিডি/১৮২৪ ঘ.
bdnews24