ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যারা মুক্তিযুদ্ধে সাধারণ অপরাধের সঙ্গে যুক্ত ছিল বঙ্গবন্ধু তাদের সাধারণ ক্ষমা করেছেন।
যারা অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনে জড়িত ছিল তাদের ক্ষমা করেননি।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, "একটি গোষ্ঠী অপপ্রচার করে থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করে গেছেন। এখন আর এ বিচারের প্রয়োজন নেই।"
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গবন্ধুর ৯১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
বিগত বিএনপি সরকারের পাঁচবছর লুটপাটের পর এখন আওয়ামী লীগ দেশ গড়ার কাজ করে যাচ্ছে বলে দাবি করেন কৃষিমন্ত্রী।
"আমরা দেশ গড়ার কাজ করে যাচ্ছি, যেভাবে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশে কাজ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
"যদিও তাকে সপরিবারে হত্যা করে তার সে পরিপূর্ণ স্বপ্নের সোনার বাংলা গড়তে দেয়নি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি," বলেন তিনি।
আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু বলেন, রাজনৈতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীত ঐতিহ্য হারিয়েছে, আর অশুভ একটি শক্তি ছাত্র রাজনীতি কলুষিত করার ষড়যন্ত্রে সার্বক্ষণিক কাজ করছে।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি এবিএম আব্দুল হালিম সরকার, ভূমি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/প্রতিনিধি/ডিডি/২৩৩৮ ঘ.
bdnews24