ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
রিজভী বলেন, ''ম্যাডাম (খালেদা) সৌদি আরবে চিকিৎসার জন্য গেছেন। দলের মহাসচিব নেই। এ অবস্থায় তিনি সাংগঠনিক কার্যক্রম দেখাশুনার জন্য সিনিয়র যুগ্ম মহাসচিবকে বলে গেছেন।''
তবে এটা মহাসচিব পদের 'ভারপ্রাপ্ত' দায়িত্ব কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি (খালেদা) কিছু জানাননি।
এদিকে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "বিমান বন্দরে ম্যাডাম (খালেদা) আমাকে বলেছেন- সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।''
দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন তাদের কিছু বলে যাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের মহাসচিবের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব বা ক্রমানুসারে যুগ্ম মহাসচিব।
পায়ের চিকিৎসার জন্য রোববার রাত সোয়া ৯টায় খালেদা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানানোর সময় তিনি সবাইকে দলের কার্যক্রম দেখাশুনা করতে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫৩ ঘ.
bdnews24