মেহেরপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির শোক র্যালিতে পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হওয়ার দাবি করেছেন দলের নেতারা।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে পাঁচদিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার বামুন্দিতে এই শোক র্যালির আয়োজন করা হয়।
আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বামুন্দির বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার গাংনী উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপি নেতা ইসমাইল হোসেন বলেন, বামুন্দি হাইস্কুল মাঠে একটি শোকসভা শেষ করে সন্ধ্যার দিকে শোক র্যালি বের করা হয়। এই সময় পুলিশ মিছিলের উপর হামলা ও লাঠিপেটা শুরু করে।
এতে দলের জেলা সহ-সভাপতি আবদুল গণি বিশ্বাসসহ ২০ নেতাকর্মী আহত হন।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান বলেন, বিএনপির শোকসভা করার কথা থাকলেও র্যালির কর্মসূচি ছিল না। কিন্তু হঠাৎ করেই সন্ধ্যার পর তারা বামুন্দি শহরে র্যালি বের করে।
প্রতিপক্ষের হামলার আশঙ্কায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মৃদু লাঠিপেটা করে মিছিল করতে দেয়নি।
এই ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী আহত হয়নি বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24