ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুনর্মুদ্রিত সংবিধানকে অবৈধ ও অসাংবিধানিক অভিহিত করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা চেয়েছে বিএনপি।
রোববার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমেদ এই দাবি জানান।
তিনি বলেন, খসড়া সংবিধান বেআইনি ও অসাংবিধানিক। তা দিয়ে দেশ চলবে, তা অবাস্তব। তাই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করছি।
জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, জিয়াউর রহমান সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তন ও পরিবর্ধন করেছিলেন। সুপ্রিম কোর্ট তার রায়ে অসাংবিধানিকভাবে সংবিধানে সংবিধানে যা সংযোজন করা হয়েছিলো তা বাতিল করে দিয়েছে। সে অনুযায়ী সংবিধান পুনর্মুদ্রণ হয়েছে।
দুইদিন বিরতির পর রোববার বিকাল ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
মওদুদ আহমেদ সংবিধান পুনর্মুদ্রণের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। পয়েন্ট অব অর্ডারে সুযোগ নিয়ে তিনি বলেন, সংবিধান সংশোধন করার ক্ষমতা আদালতের নেই। সুপ্রিম কোর্টের রায়ে সরকার সংবিধান পুনর্মুদ্রণ করেছে। ওই খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়নি। তা দিয়ে দেশ চলতে পারে না। এটা সম্পূর্ণ অবাস্তব।
"সুপ্রিম কোর্টের রায়ে সংবিধান পুনর্মুদ্রণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় সবাইকে মানতে হবে।"
এই পর্যায়ে স্পিকার আর কোনো বক্তব্য দিতে দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/পিডি/১৭৫৯ ঘ.
bdnews24