ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত বিএনপি মহাসচিবের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বারডেমের হিমঘরে নিয়ে যাওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা, আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিম, সমাজের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও এলাকার অগণিত মানুষ জানাজায় শরিক হন।
এতে ইমামতি করেন তারা মসজিদের ইমাম হাফেজ মাওলানা রশিদ আহমেদ।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল ৯টায় বারডেম থেকে প্রয়াত বিএনপি মহাসচিবের কফিন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিয়ে যাওয়া হবে। সেখানে এক ঘন্টা শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয়, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চতুর্থ এবং নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সড়ক পথে দেলোয়ারের মরদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের খিরাই পাচুরিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
এর আগে বৃহস্পতিবার বিকালে তার মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তার কফিন সরাসরি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সেখানে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে দেলোয়ারের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার খোন্দকার দেলোয়ার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। গত ৪ মার্চ ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২০ ঘ.
bdnews24