২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের সম্পদের হিসাব চেয়ে রোববার চিঠি

মন্ত্রী ও মন্ত্রী পদ মর্যাদার ব্যক্তিদের এক সপ্তাহের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী ও মন্ত্রী পদ মর্যাদার ব্যক্তিদের এক সপ্তাহের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলন, রোববার সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পৌঁছে যাবে। অর্থমন্ত্রী বলেন, "সম্পদ বিবরণী জমা দেওয়ার কথা বহুদিন বলেছি। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।" মুহিত জানান, ইনকাম ট্যাক্স রিটার্নের ভিত্তিতে এ সম্পদের বিবরণী জমা দিতে হবে। গত বছর জুনে ২০০৯-১০ করবর্ষের রিটার্ন নেওয়া হয়েছে। তখন থেকেই মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ছয় সিটি করপোরেশনের মেয়রের সম্পদের বিবরণী দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। কবে এই বিবরণী জমা দিতে হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "মন্ত্রিপরিষদ সচিবের কাছে এক সপ্তাহের মধ্যে মন্ত্রীদের বিবরণী জমা দিতে হবে। চিঠি প্রস্তুত রয়েছে। রোববার পৌঁছে যাবে।" চলতি মাসের মধ্যে এসব হিসাব পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, সাংসদদের কাছ থেকে সম্পদের বিবরণ আদায়ের জন্য তিনি স্পিকারের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন। এছাড়া বিচারকদের সম্পদের বিবরণীর বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলে অর্থমন্ত্রী জানান। মন্ত্রীদের সম্পদের তথ্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যাবে উল্লেখ করে মুহিত বলেন, "আইন অনুযায়ী কারো আয়করের হিসাব বিবরণী প্রকাশ করা যায় না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, মন্ত্রী-সাংসদদের সম্পদের বিবরণ জমা দিতে হবে। সেজন্যই সরকার আলাদা এই হিসাব নেওয়ার ব্যবস্থা করেছে। এ জন্য আলাদা একটি ছক তৈরি করা হয়েছে। মন্ত্রিপরিষদ থেকে এসব তথ্য জানা যাবে।" ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়া শুরু হয়। এখন থেকে তা নিয়মিত হবে বলে জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০৫৯ ঘ.