ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক প্রধান হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার আব্দুল হামিদ।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে স্পিকার বলেন, তিনি সাবেক সাংসদ ছিলেন। তার মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। সিঙ্গাপুর থেকে মরদেহ ফিরে এলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
খোন্দকার দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সিঙ্গাপুরে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
বিকালে আওয়ামী লীগের পক্ষ থেকেও শোক প্রকাশ করে বিবৃতি এসেছে।
এতে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশের জনগণ সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির নিবেদিতপ্রাণ, একজন অনন্য বিশিষ্ট দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।"
সৈয়দ আশরাফ প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এএল/১৭৩৮ ঘ.
bdnews24