২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা কলেজে অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা

সম্মান প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে.দেয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

নেত্রকোনা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মান প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে.দেয় ছাত্রলীগ। তারা কলেজের শিক্ষকদেরকে প্রায় দুই ঘণ্টা অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে শিক্ষক ও পুলিশ জানিয়েছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের ৬টি বিভাগে সম্মান প্রথম বর্ষে শতাধিক শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া চলছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নামের তালিকাও চুড়ান্ত করা হয়েছে। কিন্তু কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা সেই তালিকায় নিজেদের পছন্দের ভর্তিচ্ছুদের নাম না দেখে ক্ষিপ্ত হয়ে যায় বলে রুহুল আমিন জানান। ছাত্রলীগ নেতারা আগেই নিজেদের পছন্দের ভর্তিচ্ছুদের নাম কলেজ প্রশাসনের কাছে দিয়ে সেই আনুযায়ী তালিকা চুড়ান্ত করার জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক রুহিদাস দেবনাথ বলেন, "দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে এবং এক পর্যায়ে প্রশাসনিক ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে।" এ পরিস্থিতিতে কলেজের শিক্ষক-শিক্ষিকারা অধ্যক্ষের কক্ষে সভায় বসলে ছাত্রলীগ সেখানে তালা ঝুলিয়ে দেয় বলে তিনি জানান। এসময় সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রণি ও সাধারণ সম্পাদক খোরশেদুল আলম উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ এএনএম মাহবুবুর রহমান ভূঁইয়া মোবাইল টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তি নীতিমালা উপেক্ষা করে ছাত্রলীগের পছন্দের ছাত্র-ছাত্রীদের নাম তালিকাভুক্ত না করায় আমার কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়।" তিনি জানান, "অবরুদ্ধ অবস্থায় শিক্ষকরা আতঙ্কিত ছিলেন।" জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদুল আলম বলেন, "ছাত্রলীগের সাধারণ ছাত্ররা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করেছিল।" তিনি বলেন, "পরে আমি ও রণি সাধারণ ছাত্রদের সাথে আলোচনা করে শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছি।" নেত্রকোনা মডেল থানার ওসি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩০ ঘ.