ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসী অনুষদে 'দলীয় বিবেচনায়' ভারপ্রাপ্ত ডিন নিয়োগের অভিযোগ তুলেছে জামায়াত-বিএনপিপন্থী শিক্ষকরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনে সাদা দল।
সংবাদ সম্মেলনে সাবেক ডিন অধ্যাপক আবদুর রশীদকে ভারপ্রাপ্ত ডিন পদে পুনর্বহাল এবং নতুন ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত এ অনুষদে শিক্ষক নিয়োগ বন্ধের দাবি জানোনো হয়।
সাদা দলের অভিযোগ, 'দলীয় বিবেচনায়' শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি করতে নিয়মবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আর সিলেকশন বোর্ডের সব সদস্য নীল দলের হওয়ায় তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও ফার্মেসী অনুষদের শিক্ষক অধ্যাপক আবুল হাসনাত।
এতে বলা হয়, "গত ২৪ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৮ ফেব্র"য়ারি ফার্মেসী অনুষদের নির্বাচিত ডিন অধ্যাপক হাবিবুর রহমান মারা যান। তিনি অসুস্থ হওয়ার পর অনুষদের সাবেক নির্বাচিত ডিন অধ্যাপক আবদুর রশীদকে নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করা হয়।
"কিন্তু নতুন ডিন নির্বাচন না দিয়ে গত ১২ মার্চ অধ্যাপক আবদুর রশীদকে বাদ দিয়ে ১৩ মার্চ নীল দলের শিক্ষক অধ্যাপক আ ব ম ফারুককে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেন উপাচার্য। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের ব্যত্যয় এবং অত্যন্ত অসৌজন্যমূলক।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেও এর কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে সাদা দলের শিক্ষকরা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন ও অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম প্রমুখ।
সাদাদলের এ অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। অতীতের যে সব অনিয়ম ছিল তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০০ঘ.
bdnews24