২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা-ঢাকা রেল চালু হচ্ছে: প্রধানমন্ত্রী

ঢাকা থেকে মংলা পর্যন্ত রেল লাইন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বাগেরহাট, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে মংলা পর্যন্ত রেল লাইন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাগেরহাটে বন্ধ হয়ে থাকা বিমানবন্দর নির্মাণ কাজ পুনরায় চালু হবে। পদ্মা সেতু চালু হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ সহজতর হবে। মঙ্গলবার বিকালে বাগেরহাটে খান জাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, "এই এলাকার উন্নয়নের দাবি করার প্রয়োজন নেই। আমরা জানি কী করতে হবে। যা দরকার তার সব কিছুই করবো।" বাগেরহাটের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণে চারশ' কোটি টাকা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়, আর বিরোধীরা এলে বন্ধ হয়ে যায়। তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে দেশে হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট ছাড়া কিছুই হয়নি বলে অভিযোগ করেন। মানুষের সম্পদ লুটে নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা দেশ ও জাতির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে হাসিনা বলেন, "তিনি বলে থাকেন আমরা যা করছি তা নাকি সবই অবৈধ। তিনি ক্ষমতায় এলে আমাদের সব কাজ অবৈধ ঘোষণা করে বাতিল করে দেবেন। "তাহলে আমাদের স্থাপন করা রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র কি তিনি ভেঙে ফেলবেন?" দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কৃষকদের দশ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিন দফা সারের দাম কমানো হয়েছে। মানুষের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। শিক্ষার হার ও মান বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে দাবি করে তিনি আরো বলেন, বছরের শুরুতে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের ২৩ কোটি ২২ লাখ বই বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। "আগামীতে ছেলে-মেয়ে সবার জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হবে। ভূমিহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প এবং গৃহহীনদের জন্য গৃহায়ন তহবিল গঠন করে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে," বলেন তিনি। এছাড়া বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। প্রতি ছয় হাজার মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক চালু করার কথাও উল্লেখ করেন হাসিনা। খাদ্য নিরাপত্তা বিষয়ে নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, "এ বছর আমরা তিন কোটি পঁচিশ লাখ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপাদন করেছি। এখন আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা তিন কোটি চল্লিশ লাখ মেট্রিক টন। "আমরা লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছি। এই ধান চাষ করে দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকার মানুষের দারিদ্র দূর করা সম্ভব হবে।" মংল বন্দর অচল হয়ে গিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, এটি সচল করার পর চল্লিশ ভাগ খাদ্যশষ্য এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে। জাহাজ আগমন বেড়েছে। বন্দরের ড্রেজিং করতে টাকা দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রাজ্জাক ও রুবেলের নাম করে প্রধানমন্ত্রী বলেন, তাদের দু'জনের বাড়ি বাগেরহাট। বাগেরহাটের স্টেডিয়াম কেন অনুন্নত থাকবে। অবশ্যই এই স্টেডিয়ামের উন্নয়ন হবে। বাগেরহাটে মেরিন টেকনোলজি ইন্সটিটিউট, ডিপ্লোমা নার্সিং ইন্সটিটিউট, পলিটেকনিক ইন্সটিটিউট, বাগেরহাট একশ' শয্যার হাসপাতালকে আড়াইশ' শয্যায় উন্নীতকরণ, সুন্দরবন মহিলা কলেজের ছাত্রীনিবাস নির্মাণ, সুন্দরবনসহ বাগেরহাট অঞ্চলকে লবণপানির হাত থেকে রক্ষার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই তালিকায় সুন্দরবনের নাম উঠাতে পারলে বাগেরহাটে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প গড়ে তোলা হবে। জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংসদ শেখ হেলাল উদ্দিন, মীর শওকাত আলী বাদশা প্রমুখ। উন্নয়নের বিশ দফা দাবি সভামঞ্চ থেকে বাগেরহাটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ দফা দাবি পেশ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। দাবির মধ্যে রয়েছে- ড্রেজিংসহ মংলা বন্দরের আধুনিকায়ন, বাগেরহাট-রূপসা রেল চালুসহ মাওয়া-গোপালগঞ্জ রেল লাইনের সঙ্গে বাগেরহাট ও মংলাকে সংযুক্তকরণ, বাগেরহাটে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, বাগেরহাট হাসপাতালকে আড়াইশ' শয্যায় উন্নীতকরণ, লবণাক্ততা প্রতিরোধে ঘষিয়াখালী কাটাখাল বন্ধ করা, বাগেরহাট বিসিক সম্প্রসারণ, বাগেরহাটকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বাগেরহাট সরকারি পিসি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরসহ জেলার ছয়টি গুরুত্বপূর্ণ কলেজকে সরকারিকরণ, বাগেরহাটে মহিলা ক্যাডেট কলেজ নির্মাণ, ন্যাশনাল সার্ভিসের আওতায় বাগেরহাটে কর্মসংস্থান সৃষ্টি, বাগেরহাট পৌরসভাকে বিশেষ শ্রেণীতে উন্নীতকরণ, বাগেরহাট স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর, মোরেলগঞ্জের পানগুছি নদীতে সেতু নির্মাণ। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র উদ্বোধন জনসভার আগে দুপুর আড়াইটায় স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণের পর প্রধানমন্ত্রী সরাসরি সড়ক পথে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে যান। কেন্দ্রটি উদ্বোধন শেষে তিনি গবেষণাগার চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক গোলাম হোসেন খান এবং এলাকার সাংসদ ও আওয়ামী লীগ নেতারা। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামে ২২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে দেশের প্রথম এই চিংড়ি গবেষণা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এখানে চিংড়ি ও চিংড়ি রেণুর রোগ, খাদ্যমান, পুষ্টিগুণ, পানির লবণাক্ততা মাটি ও পানির গুণাগুন ও বিভিন্ন রোগ-বালাই পরীক্ষার জন্য চারটি আধুনিক গবেষণাগার রয়েছে। আইনজীবী সমিতির বর্ধিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী দুপুর সোয়া ৩টায় বাগেরহাট আদালত চত্বরে অবস্থিত আইনজীবী সমিতি ভবনে পৌঁছান। জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত একটি পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খান জাহান আলীর (র.) মাজার জিয়ারত প্রধানমন্ত্রী বিকাল ৩টা পঞ্চাশ মিনিটে বাগেরহাট সার্কিট হাউস থেকে হযরত খান জাহান আলীর (র.) মাজার যান। মাজার জিয়ারত শেষে আবার সার্কিট হাউসে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেন। সেখান থেকে যান খান জাহান আলী কলেজ মাঠের জনসভায়। বিকাল সাড়ে পাঁচটায় তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.