ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় অঞ্চলের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের আবেদন করতে বলা হয়েছে।
২৩ মার্চের মধ্যে ঢাকার সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিবালয় এবং স্থানীয় সাংবাদিকদের সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসে আবেদন করতে বলা হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থাকেও নির্বাচন কমিশন সচিবালয়ে ২৩ মার্চের মধ্যে আবেদন জমা দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
রবিবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুসারে দেশের উপকূলীয় অঞ্চলের ১২টি জেলায় ৭২টি উপজেলার ৫৯৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৯ মার্চ থেকে ০৩ এপ্রিল তারিখে ভোটগ্রহণ হবে।
স্থানীয় পর্যবেক্ষকদের ইও-২ ও ইও-৩ ফরম পূরণ করে এসএসসি পাশের সনদের ফটোকপিসহ দু'কপি ছবি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকে, ই-মেইলে (dpr@ecs.gov.bd) বা ৯১২৯৭৭৩ নম্বরে ফ্যাক্স করে পাঠানো যাবে। আবেদন ফরমগুলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে ডাউনলোড এবং ফটোকপি করে ব্যবহার করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২৩৪৪ ঘ.
bdnews24