মুন্সীগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতুইলতলা গ্রামে সম্ভাব্য দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে এই সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী ও আওয়ামী লীগ সমর্থক শামসুদ্দিন প্রধান এবং বিএনপি সমর্থক মো. জাকারিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে।
তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচন নিয়ে একই গ্রামের এই দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে দু'পক্ষের সমর্থকদের মধ্যে ঝগড়া বাধে। এই নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার দুপুরে দুপক্ষের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়।
এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক মামলা দায়ের করেছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেছেন, শামসুদ্দিন প্রধানের শতাধিক সমর্থক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এছাড়া তার সমর্থক খোকা, মকবুল ও ইকবালের বসতঘরে ভাংচুর করা হয়।
অভিযোগে তিনি বলেন, এই সময় পুলিশ নীরবে দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখেছে, কোন ব্যবস্থা নেয়নি। হামলাকারীরা ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নিয়েছে।
শামসুদ্দিন প্রধান এই হামলা ও লুটের অভিযোগ অস্বীকার করে জানান, মো. জাকারিয়া লোকজন নিয়ে তার বাড়িতে ঢুকে ভাংচুর করেছে ও বেশ ক'জনকে জখম করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫২ ঘ.
bdnews24