গাজীপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস সমবেদনা না জানিয়ে নতুন দল গঠনের উদ্যোগ নেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে বাস্তুহারা লীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য নাসিম বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। তখন ইউনূস সমবেদনা না জানিয়ে নতুন দল গঠনের উদ্যোগ নেন।"
বিগত আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী বলেন, "ইতোপূর্বে আমরা ক্ষমতায় থাকাকালে ড. মুহম্মদ ইউনূসকে যথেষ্ট সম্মান দিয়েছি। তাকে সম্মান দেখিয়ে গ্রামগঞ্জে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দিতে বিনা টেন্ডারে গ্রামীফোনের লাইসেন্স দেওয়া হয়েছিল।"
সেই সুযোগ নিয়ে তিনি 'অবৈধভাবে' কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ করেন নাসিম।
বাংলাদেশ বাস্তুহারা লীগ গাজীপুর জেলা শাখা আয়েজিত এ জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা কমিটির সহ-সভাপতি মহির উদ্দিন।
অন্যদের মধ্যে সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ বাস্তুহারা লীগের কেন্দ্রীয় সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সহ-সভাপতি গাজী শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৩৯ ঘ.
bdnews24