ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য দলের উপদেষ্টা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক বসবে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এতে আলোচনা হবে।''
বিএনপি চেয়ারপারসনের নবগঠিত উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে এটি খালেদা জিয়ার প্রথম বৈঠক।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের একজন জ্যেষ্ঠ নেতা জানান, সংসদ অধিবেশনে যোগদান ও সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচির কৌশল কী হওয়া উচিৎ- এ বিষয়ে মতামত জানতে খালেদা জিয়া তার উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসছেন।
২০০৯ সালে ৮ ডিসেম্বর কাউন্সিল অধিবেশনের পর খালেদা জিয়া দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩৪ সদস্যের নতুন উপদেষ্টা কাউন্সিল গঠন করে।
উপদেষ্টারা হলেন, খন্দকার মাহবুব হোসেন, হারুনার রশীদ খান মুন্নু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, সাঈদ এস্কান্দার, উকিল আবদুস সাত্তার, এম এ মান্নান, ফজলুর রহমান পটল, মোসাদ্দেক আলী ফালু, মোশাররফ হোসেন এমপি, মুশফিকুর রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এ জি মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম, আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, জহুরুল ইসলাম, হায়দার আলী, এম এ কাইয়ুম, খন্দকার শহীদুল আলম, সুজাউদ্দিন, এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও আবদুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24