২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মহাজোট এখন ইনটেনসিভ কেয়ারে'

আওয়ামী লীগের 'একলা-চলো' নীতিতে মহাজোট এখন দিশেহারা উল্লেখ করে জাতীয় পার্টির সাংসদ টি এম আই ফজলে রাব্বী চৌধুরী বলেছেন, "আমরা এখন ইনটেনসিভ কেয়ারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের 'একলা-চলো' নীতিতে মহাজোট এখন দিশেহারা উল্লেখ করে জাতীয় পার্টির সাংসদ টি এম আই ফজলে রাব্বী চৌধুরী বলেছেন, "আমরা এখন ইনটেনসিভ কেয়ারে।" বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ফজলে রাব্বী এ কথা বলেন। মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির এই নেতা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, "আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মকাণ্ড সরকারের সব সফলতাকে ব্যর্থ করে দিয়েছে।" সরকারের মন্ত্রীদের সমালোচনা করে গাইবান্ধা-৩ আসনের সাংসদ ফজলে রাব্বী বলেন, "মাননীয় মন্ত্রীরা ফ্রি স্টাইলে চলছেন।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, অনেক মন্ত্রীর কাজে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি সরকারের এই গণদুর্বলতা দূর করুন।" 'এই সরকার দিন বদলের কথা বললেও আসলে দিন বদলায়নি' মন্তব্য করে ফজলে রাব্বী বলেন, "সংসদীয় কমিটিগুলো হলো- কর্তৃত্ব ছাড়া দায়িত্ব। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। নারী নির্যাতন এখন নতুন মাত্রা যোগ করেছে। জেল হত্যা মামলা পুনরায় শুরু না হওয়ায় দেশবাসী ক্ষুব্ধ।" বুধবারের অধিবেশনে আওয়ামী লীগের প্রমোদ মানকিন, রেজা আলী, এ কে এম রহমতউল্লাহ, জাফর ইকবাল সিদ্দিকী, সানজিদা খানম প্রমুখ রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০৫৯ ঘ.