চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটগ্রহণের সময় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়র প্রার্থী বিষ্ণু প্রসাদ তার সমর্থকদের নিয়ে কেন্দ্র থেকে ব্যালেট বক্স ছিনিয়ে নেন।
এ ঘটনার পর নির্বাচন স্থগিত করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে ওয়ার্ডের একমাত্র ভোট কেন্দ্র ২ নম্বর হিঙ্গুলি বোর্ড অফিসে ভোটগ্রহণ চলছিল। সকাল ১২টার দিকে প্রার্থী বিষ্ণু প্রসাদ কেন্দ্র থেকে ৫৭টি অব্যবহৃত ব্যালেট বই এবং সিল মারা কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেন।
ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার পরপরই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা সাঈদ কুতুব।
"এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেছেন।"
গত ১৮ জানুয়ারি বারৈয়ারহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় বুধবার পুনর্নির্বাচনের আয়োজন করা হয়। পুনর্নির্বাচনে শুধু দুই প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
নিরাপত্তার মধ্যে কেন্দ্র থেকে কিভাবে ব্যালট পেপার ছিনতাই হলো জানতে চাইলে সাঈদ কুতুব বলেন, প্রার্থী হিসেবে বিষ্ণু প্রসাদ কেন্দ্রে ঢুুকেছিলেন। সেখানে এজেন্ট ও সমর্থক ভোটারদের সহযোগিতায় কয়েক মিনিটের মধ্যে তিনি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে চলে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০৩৬ ঘ.
bdnews24