২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ছাত্র ফ্রন্ট নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ কর্মীরা ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ কর্মীরা ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনায় বুয়েট শাখা ছাত্র ফ্র্রন্টের আহ্বায়কসহ চারজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানান, ছাত্রফ্রন্টের কর্মীরা সপ্তাহখানেক আগে বুয়েট ক্যাফেটেরিয়ায় 'টেন্ডারবাজি ও চাঁদাবাজিবিরোধী' পোস্টার লাগায়। এর জের ধরে বুয়েট শাখা ছাত্রলীগের কর্মীরা শনিবার দুপুরে ক্যফেটেরিয়ায় গিয়ে ছাত্রফ্রন্ট নেতা-কর্মীদের মারধর করে। এতে বুয়েট শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক গৌতম দে এবং সদস্য মুনিম বিন গণি, জয় ভট্টাচার্য ও রাজন হক আহত হন। তাদের বুয়েটের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. আমিনুল হক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে, ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করে। িিডনিউজ টেৃায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২২২২ ঘ.