২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শুধু ইসির কর্মকর্তা দিয়ে সাধারণ নির্বাচন সম্ভব নয়'

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচনে সীমিত আকারে নিয়োগ করা হলেও শুধু নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের দিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচনে সীমিত আকারে নিয়োগ করা হলেও শুধু নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের দিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিনের (নিজান) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জানান, জাতীয় সংসদের শূন্য আসনে উপ-নির্বাচন ও কিছু স্থানীয় নির্বাচনে সীমিত আকারে ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। সাধারণ নির্বচন অনুষ্ঠানে ভোটকেন্দ্রের কার্যাবলী ছাড়াও আরো বহুবিধ কাজ করতে হয়। তবে অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোট গ্রহণকারী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হচ্ছে। "ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ কাজে নিয়োজিত থাকে বলেই শুধু ইসির নিজস্ব কর্মকর্তাদের দিয়ে এ নির্বাচন সম্ভব নয়। সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠানের সময় ইসির কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকেন।" তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৮৬ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা এবং ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং কর্মকর্তা ৩৫ হাজার ২৬৩ জন, এক লাখ ৭৭ হাজার ২৭৭ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও তিন লাখ ৫৪ হাজার ৫৫৪ জন পোলিং কর্মকর্তা প্রয়োজন হয়। স্থানীয় সরকার নির্বাচনেও এ সংখ্যক জনবল প্রয়োজন হয় উল্লেখ করে আবুল কালাম আজাদ জানান, ইসির স্থায়ী কাঠামোতে এ বিপুল সংখ্যক জনবল সৃষ্টি অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া নির্বাচনের পর এত সংখ্যক কর্মীদের জন্য আর কোনো কাজ থাকে না। "সেজন্য সব দেশেই অন্য সংস্থার কর্মীদের সহায়তা নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়। বাংলাদেশেও আবহমান কাল থেকে তা করা হয়" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮২৯ ঘ.