ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ বলেছেন, ছিটমহলবাসীর অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের ৫১টি ছিটমহলে সাড়ে তিন লাখ মানুষের বাস। তারা বাংলাদেশের নাগরিক হয়েও সব ধরণের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার সময় এরশাদ এ কথা বলেন।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি জাকারিয়া মুক্তার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি অমিয় ঘটক পুলক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহসাধারণ সম্পাদক কেরামত উল্লা বিল্পব, মহসিনুল করিম লেবু, অর্থ সম্পাদক মো. জুয়েল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সদস্য তোফাজ্জল হোসেন, সেরাজুল ইসলাম প্রমুখ। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের উপস্থিত ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ছিটমহলবাসীর নেই কোনো পাসপোর্ট, নেই অবাধে চলাফেরার অধিকার। রীতিমতো বন্দি জীবনযাপন করতে হচ্ছে। তাদের সমস্যা সমাধানে বর্তমান সরকারকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির উপর গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
এইচ এম এরশাদ বলেন, রংপুর বিভাগ অনেক কারণেই পিছিয়ে আছে। এ এলাকায় সমস্যাও অনেক। এ বিভাগের সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে উন্নয়নের ধারা নিশ্চিত করার জন্য রাজধানীতে অবস্থানরত সব পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ করে সাংবাদিকদেরকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, লেখনির মাধ্যমে তারা সরকারের দৃষ্টিতে অনেক বিষয় আনতে পারেন। যার মধ্য দিয়ে উন্নয়ন কর্মসূচি প্রণয়নে সরকারের সুবিধা হয়।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা গঠিত হওয়ায় তিনি রংপুর বিভাগের ঢাকায় কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে আমাদের এক ধাপ অগ্রগতি হলো। তিনি আলাপ আলোচনা করে এলাকার সমস্যা সমাধানে কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে জাতীয় পার্টিও কাজ করবে।
এরশাদ বলেন, রংপুর বিভাগের উন্নয়ন করা এবং জনগণের দাবি পূরণের জন্য বর্তমান মহাজোট সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আশা করি এ সরকারের আমলে রংপুর বিভাগের প্রত্যাশিত উন্নয়ন হবে।
রংপুর বিভাগের জনগণকে ধন্যবাদ জানিয়ে এরশাদ বলেন, আমি যখন জেলে ছিলাম তখন তারা আমাকে ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো তাদের অবদান কখনো ভুলবো না। উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি যমুনা সেতু করেছি। তার সুফল এখন উত্তরাঞ্চলের জনগণসহ সারা দেশবাসী পাচ্ছে। আমার সময় দেশের যোগাযোগ ব্যবস্থায় নজিরবিহীন উন্নয়ন সাধিত হয়েছে। যা এর পর আর হয়নি। সে সময় প্রশাসনিক পূর্ণবিন্যাসের সুফলও দেশবাসী পেয়েছে।
এ সময় জিএম কাদের রংপুর বিভাগের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে এলাকার সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সুযোগ রয়েছে এলাকার উন্নয়নে কাজ করার। এখন উদ্যোগ নিয়ে এর বাস্তবায়ন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/২১৪৪ ঘ.
bdnews24