২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে আড়াই লাখেরও বেশি মসজিদ রয়েছে'

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেছেন, দেশে আড়াই লাখেরও বেশি মসজিদ রয়েছে। এসব মসজিদের ইমামদের মধ্যে ৬৭ হাজার ১৯ জনকে স্বাবলম্বী করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেছেন, দেশে আড়াই লাখেরও বেশি মসজিদ রয়েছে। এসব মসজিদের ইমামদের মধ্যে ৬৭ হাজার ১৯ জনকে স্বাবলম্বী করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় সংসদে মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের জরিপ অনুসারে দেশে ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি মসজিদ রয়েছে। ইমামদের উন্নয়ণ সহায়তা দেওয়ার লক্ষ্যে ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে সরকার ১৬ কোটি টাকা অনুদান দিয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইমামদের শিক্ষকতার কাজে সম্পৃক্ত করে প্রকল্প মেয়াদে মাসে ২ হাজার টাকা হারে সম্মানী দেয়া হচ্ছে। যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিনের এক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অর্থ বরাদ্ধের একটি নীতিমালা আছে। ওই নীতিমালা অনুসারেই অর্থ বরাদ্দ করা হয়। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, "সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য চলতি অর্থ বছরে ৯৮ লাখ ৩৯ হাজার টাকা বরাদ্দ রয়েছে। তাছাড়া সারা দেশে সাংষ্কৃতিক কার্যক্রম জোরদার করার জন্য চলতি অর্থ বছরে ১০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।" সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা আখতারের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "ভবিষ্যতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সার্টিফিকেট কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের ৫৫টি জেলা শিল্পকলা একাডেমীতে পাঠক্রম ভিত্তিক উচ্চাঙ্গ সংগীত, সাধারণ সংগীত, উচ্চাঙ্গ নৃত্য, নাটক, আবৃত্তি, চারুকলা ও বাদ্যযন্ত্র বিষয়ে ৪ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। "এছাড়া কেন্দ্রীয় শিল্পকলা একাডেমীসহ সারা দেশে শিল্পকলা একাডেমীগুলোতে সংস্কৃতির বিভিন্ন শাখায় পক্ষকালব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের অভিজ্ঞানপত্র বা সার্টিফিকেট দেওয়া হয়।" খুলনা-৫ আসনের সাংসদ নারায়ন চন্দ্র চন্দের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িকে ২০০৬ সালে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে অনুষ্ঠানের জন্য কোন স্থাপনা নাই। তবে মাঠের একপ্রান্তে মৃণালিনী মঞ্চ এবং অপর প্রান্তে জেলা পরিষদের ডাকবাংলো রয়েছে। ডাকবাংলো এবং রবীন্দ্রণাথ ঠাকুরের শ্বশুরবাড়িসহ ৩ দশমিক ২৬ একর জমি প্রত্মতত্ত্ব অধিদপ্তরের অনুকুলে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৮৩১ ঘ.