২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া পিলখানা ষড়যন্ত্রে জড়িত: আশরাফুল

খালেদা জিয়া পিলখানায় বিডিআর বিদ্রোহের 'ষড়যন্ত্রে' জড়িত বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া পিলখানায় বিডিআর বিদ্রোহের 'ষড়যন্ত্রে' জড়িত বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রী শনিবার বলেন, "পিলখানায় হত্যাকাণ্ডের তিনদিন পর বিরোধীদলীয় নেত্রী [খালেদা জিয়া] তার সেনানিবাসের বাসায় ফেরেন। ওই তিনদিন তিনি কোথায় ছিলেন তা এখনো জানা যায়নি।" "এতেই বোঝা যায় তিনি বিডিআর বিদ্রোহের ঘটনা জানতেন। তাই আগেভাগেই তিনি গোপন স্থানে আশ্রয় নেন। আর এতেই প্রমাণ হয় বিরোধীদলীয় নেত্রী পিলখানা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন।" তিনি বলেন, নিহতদের মধ্যে ৩৩ জন সেনা কর্মকর্তা ছিলেন আওয়ামী লীগ পরিবারের সদস্য। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে 'আফাজ-নাতেকা মেমোরিয়াল হাসপাতালে'র উদ্বোধন শেষে আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'র চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এম আকবর সাংসদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি/২২৩৫ ঘ.