ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ বেশির পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। তবে সাধারণ সম্পাদকের পদটি পেয়েছে বিএনপি।
২০১১-১২ সালের কার্যকরি পরিষদ গঠনের জন্য এ নির্বাচনে ২৫টি পদের মধ্যে ১৭টিতে বিজয়ী হয়েছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ জিতেছে আটটি পদে।
গত ২৩ এবং ২৪ ফেব্র"য়ারি আইনজীবী সমিতি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার ফলাফল প্রকাশ হয়। নির্বাচনে ১০ হাজার ৯৩৭ ভোটারের মধ্যে ৬ হাজার ৯ জন ভোট দেন।
আইনজীবী সমন্বয় পরিষদ 'সাদা' প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদ 'নীল' প্যানেল হিসেবে পরিচিত।
নবনির্বাচিত সভাপতি শেখ হেমায়েত হোসেন আওয়ামী আইনজীবী পরিষদ নেতা। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত মো. ইকবাল হোসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা।
সমিতির নেতৃত্বে গত বছর সভাপতি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সানাউল্লাহ মিয়া। সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগ সমর্থক কাজী নজিব উল্লাহ হিরু।
নতুন সভাপতি হেমায়েত ১৯৮২ সালে সমিতির কার্যকরি পরিষদের সদস্য ছিলেন। ১৯৯৮-৯৯ সালে সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।
তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ আহমেদ তালুকদার বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।
দুটি সহসভাপতির মধ্যে একটিতে জিতেছেন আওয়ামী লীগ সমর্থক এবং অন্যটিতে বিএনপি সমর্থক।
সাদা প্যানেল থেকে কোষাধ্যক্ষ, এক জন সহ সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যকরি পরিষদের ১১ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
নীল প্যানেল থেকে এক জন সহ সাধারণ সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক চারটি সদস্য পদে নির্বাচিত হয়েছে।
বিদায়ী সাধারণ সম্পাদক হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত নির্বাচনেও ১৭টি পদে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছিলো। সংখ্যার বিচারে গতবার আর এবারের ফলাফল একই। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ফলাফল উল্টে গেছে।
ঢাকার বাইরে কয়েকটি জেলায়ও আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল এসেছে।
নাটোর : সভাপতি ও সম্পাদক পদসহ অধিকাংশ পদে আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
১৫টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১২টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।
মো. আসাদুজ্জামান সভাপতি ও প্রসাদ কুমার তালুকদার সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।
গাজীপুর : আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সভাপতিসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক ও একজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মো. আমজাদ হোসেন বাবুল সভাপতি ও মো. সিদ্দিকুর রহমান সাধারণ পদে বিজয়ী হয়েছেন।
সহকারী নির্বাচন কমিশনার মো. মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১টি পদের মধ্যে ১৯টিতে আওয়ামী লীগ ও ২টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৮৯৫ ভোটারের মধ্যে ৮৩০ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানান মনোয়ার।
মানিকগঞ্জ : জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ নয়টি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।
সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী হেজাজুর রহমান বাকু এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খোন্দকার শরীফ সমান সংখ্যাক ভোট পাওয়ায় এই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার প্রথম প্রহরে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামিলুর রশিদ খান।
৩১৪ জন ভোটারের মধ্যে ৩০৪ জন ভোট দিয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মেহের উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ : গোলাম মোস্তফা সভাপতি ও নাজমুল আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার মধ্যরাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার সাইদুল ইসলাম জানান, ১৫ পদে তিনটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে ১৯০ জন ভোটারের মধ্যে ১৭৭ জন ভোটার ভোট দেন বলে জানান সাইদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/সিএস/এমআই/১৪৫০ ঘ.
bdnews24