২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীরা এগিয়ে যাবেই: সাহারা

দেশে অন্য ক্ষেত্রগুলোর মতো ব্যবসায়ও সব প্রতিবন্ধকতা জয় করে নারীরা এগিয়ে যাবে- এ আশা করছেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অন্য ক্ষেত্রগুলোর মতো ব্যবসায়ও সব প্রতিবন্ধকতা জয় করে নারীরা এগিয়ে যাবে- এ আশা করছেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন। সভায় ব্যবসা ক্ষেত্রে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হলে সাহারা বলেন, "নারীরা শিক্ষা, চাকরিসহ সব ক্ষেত্রেই অনেক এগিয়ে এসেছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও যতই প্রতিবন্ধকতা আসুক, নারীরা এগিয়ে যাবেই।" দেশের মন্ত্রিসভায় এই প্রথম স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনার সরকারে পূর্ণ মন্ত্রীর পদে তিন জন এবং প্রতিমন্ত্রীর পদে দুজন নারী রয়েছেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পাশাপাশি সংসদ উপনেতা ও বিরোধীদলীয় নেতাও এবার নারী। এরই মধ্যে বুধবার সর্বোচ্চ আদালতেও প্রথম নারী বিচারক হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন, ভবিষ্যতে তিনি সংসদে স্পিকারের পদেও নারীদের দেখতে চান। সিরডাপের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলাদেশে জঙ্গিবাদী সন্ত্রাস নির্মূল হয়ে যায়নি। তবে বিগত সরকারের সময়ের তুলনায় অনেক কমেছে। এখনও প্রতিদিন জঙ্গি ও সন্ত্রাসীরা ধরা পড়ছে।" 'বাংলাদেশে তৃণমূল নারীর অধিকার ও অর্থনৈতিক ক্ষমতায়ন' শীর্ষক ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুননেছা মাহ্তাব, উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৩৫৫ ঘ.