ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার বিকালে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
মার্চ মাসের শেষ দিকে এবং মে মাস জুড়ে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।
ইসি আগেই জানিয়েছিলো, বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। সিইসি সকালে সাংবাদিকদের বলেন, বিকালেই তফসিল দেবো।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দেশের উপকূলীয় উপজেলারগুলোর ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে উপকূলীয় ৯০ উপজেলার প্রায় চারশ' ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
চলতি মাসে এসএসসি পরীক্ষা, মার্চের ১৯ তারিখ পর্যন্ত আদম শুমারি ও এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় ইউপি নির্বাচনকে দুই পর্বে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মার্চের শেষ দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা (চট্টগ্রাম, খুলনা ও বরিশাল) এবং মে মাসে দেশের অন্য সব বিভাগে এ নির্বাচন হবে।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে ৪ হাজার। এর মধ্যে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা ৪ হাজার ৩০০টি। মামলা, সীমানা পুনর্বিন্যাস না হওয়া ও অন্য কারণে নির্বাচন অনুষ্ঠান করা যাবে না ২০৪টি।
প্রতিটি ইউনিয়নে তিনটি করে ওয়ার্ড হিসেবে মোট সংরক্ষিত ওয়ার্ড ১৩ হাজার ২১৫টি। প্রতি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড হিসেবে সাধারণ ওয়ার্ড ৪০ হাজার ৫৩৬টি।
সারাদেশের ইউনিয়নগুলোয় মোট ভোটার ৬ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৬৯। এদের বিপরীতে মোট ভোটকেন্দ্র ৪৩ হাজার ২১৫টি ও ভোট কক্ষ ২ লাখ ৬ হাজার ৬০৬টি।
স্বাধীনতা উত্তর দেশে এ পর্যন্ত সাত বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০০৩ সালের ২ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত এ নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২২০ ঘ.
bdnews24