২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে বিডিআর নাম পুনর্বহাল হবে: মওদুদ

বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত রক্ষা বাহিনী 'বর্ডার গার্ড বাংলাদেশ' এর আগের নাম পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত রক্ষা বাহিনী 'বর্ডার গার্ড বাংলাদেশ' এর আগের নাম পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ। পিলখানার ঘটনায় নিহতদের স্মরণে বুধবার বিকালে রাজধানীতে এক শোকসভায় তিনি এ কথা জানান। মওদুদ বলেন, "বিডিআর-এর নাম ও পোষাক পরির্তন করে সরকার দেশের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করছে। তাদের খাটো করছে। সাধারণ মানুষ এই নাম বদল পছন্দ করেনি। তাই বিএনপি ক্ষমতায় আসলে বিডিআর এর নাম পুনর্র্বহাল ও এই বাহিনীর পোষাক পুনঃপ্রতিষ্ঠা করবে।'' বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, এই নাম বদলের পেছনেও ষড়যন্ত্র রয়েছে। কোনো অন্যায় হলে সেজন্য একটি প্রতিষ্ঠানের নাম বদল হতে পারে না। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর দরবার হলে সংঘটিত বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় এর মহাপরিচালকসহ ৫৭ জন সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর সরকার বিডিআর এর নাম পরিবর্তন করে 'বর্ডার গার্ড বাংলাদেশ' করে। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা 'পিলখানা ম্যাসাকার : টার্গেট বাংলাদেশ' শীর্ষক এই শোকসভার আয়োজন করে। এতে ২৫ ফেব্র"য়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা, পিলখানা সদর দপ্তরসহ অন্যান্য স্থানে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ ও বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানানো হয়। পিলখানার ঘটনাকে একটি 'পরিকল্পিত ষড়যন্ত্র' দাবি করে মওদুদ বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালানো হয়। এরই ধারাবাহিকতায় দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিডিআর এ হত্যাকাণ্ড ঘটানো হয়। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের একটি অংশ জড়িত রয়েছে বলেও তিনি দাবি করেন। সুপ্রিম কোর্টের রায়ের অতিরিক্ত সংশোধনী দিয়ে সংবিধান পুনর্মুদ্রণ করা হয়েছে বলে অভিযোগ করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, এর মাধ্যমে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টকে অবমাননা করেছে। বর্তমানে পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে ছাপানো সংবিধানটি সম্পূর্ণ বেআইনি। তিনি এই সংবিধান বিতরণ অবিলম্বে স্থগিতেরও দাবি জানান। জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামী মহানগরের ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আজাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র মহাসচিব শামীম আল মামুন, বিডিআর এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৪ ঘ.