ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে সংগঠিত অপরাধ দমনে মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বুধবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "মোবাইল ফোনে সন্ত্রাস বন্ধে এ সেল কাজ করবে।"
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালেয়র যুগ্ম সচিবকে (রাজনৈতিক) প্রধান করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও মোবাইল অপারেটর প্রতিনিধিদের নিয়ে ওই সেল গঠন করা হবে।
টেলিফোন সন্ত্রাস বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "বেনামে সিম কেনা-বেচা করলে এবং কোম্পানির প্রতিনিধি ছাড়া অন্য কারো কাছে বিক্রির জন্য সিম পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করবে।"
"ইতোমধ্যে এ ধরনের অপরাধীদের আটক করা হয়েছে। এ সংক্রান্ত মামলা এবং অবৈধ সিম বিক্রির বিষয়গুলো তদারকি করবে মনিটরিং সেল", বলেন টুকু।
জাতীয় পরিচয়পত্র ছাড়া এবং নির্ধারিত পরিবেশক ও খুচরা বিক্রেতা ছাড়া সিম বিক্রি না করার জন্য গত বছর অক্টোবর মাসে কোম্পানিগুলোকে নির্দেশনা দেয় সরকার।
এর ফলে সিম বিক্রি কমে গেছে বলে বৈঠকে মোবাইল ফোন অপারেটররা দাবি করেন। তারা জনপ্রতিনিধিদের সনদপত্র এবং অন্য পরিচয়পত্র দিয়ে সিম বিক্রির অনুমোদন দেওয়ার অনুরোধ জানান।
বিষয়টি মোবাইল ফোন সংক্রান্ত জাতীয় কমিটিতে তোলা হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।
সিম বিক্রির জন্য দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরিং কোম্পানির ৭৫১ জন পরিবেশক ও ১ লাখ ৮৫ হাজার ১০০ খুচরা বিক্রেতা রয়েছেন।
বৈঠকে ওইসব কোম্পানির কর্পোরেট ও লিগ্যাল অ্যাফেয়ার্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24