চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বারবার অধিকতর তদন্তের সময় বাড়ানোর আবেদন করা এবং মামলা সংশ্লিষ্ট নথি সঙ্গে না আনায় ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) তিরস্কার করেছে আদালত।
পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী মামলাটির তদন্ত করছেন। মঙ্গলবার সময় বাড়ানোর আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলামের আদালতে এ শুনানি হয়। এ সময় মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারলে মনিরুজ্জামানকে তিরস্কার করে আদালত।
একই সঙ্গে আদালত সময় না বাড়িয়ে বুধবার মামলার 'কেইস ডায়েরি (সিডি)' জমা দিতে আইওকে নির্দেশ দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন।
তিনি বলেন, মহানগর দায়রা জজ আগামী ৩০ মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ এবং ওইদিন এই মামলায় গ্রেপ্তার থাকা সব আসামিকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন।
"তবে বিচারক সময় বৃদ্ধির আবেদনের ওপর কোনো সিদ্ধান্ত দেননি। মামলার সিডি জমা দেওয়ার পর বুধবার এ বিষয়ে আদেশ দিতে পারেন," বলেন কামাল উদ্দিন।
তিনি বলেন, "বার বার অধিকতর তদন্তের সময় নিয়েও কেন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যাচ্ছে না- এ বিষয়ে আদালত তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান। এক পর্যায়ে তিনি কেইস ডায়েরি দেখতে চাইলে আইও তাও দেখাতে ব্যর্থ হন। এ বিষয়ে আদালত ক্ষোভ প্রকাশ করেন।"
একই দিন বিচারক ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দীন মোহাম্মদের জামিন নাকচ করেন বলে জানান মহানগর পিপি।
এর আগে রোববার তদন্তের মেয়াদ পুনরায় ৯০ দিন বাড়ানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের জন্য মামলার আইও পরিবর্তনের নির্দেশ দেন। ওইসময় মনিরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর ১১ দফায় অধিকতর তদন্তের জন্য সময় নিয়েছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/২১০৮ ঘ.
bdnews24