ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় স্থায়ী কমিটির তলব অগ্রাহ্যকারীর বিরুদ্ধে পরোয়ানা জারির প্রস্তাব সর্বসম্মতিক্রমে সব স্থায়ী কমিটির চেয়ারম্যানদের বৈঠকে গৃহীত হয়েছে।
সংসদের সব স্থায়ী কমিটির চেয়ারম্যানদের উপস্থিতিতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মঙ্গলবার এ প্রস্তাব অনুমোদন হয়।
বৈঠক শেষে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানান, বিএনপির সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম আশরাফ উদ্দিন নিজান, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান অলি আহমেদসহ অন্যান্য স্থায়ী কমিটির চেয়ারম্যানরা এ বিষয়ে একমত হয়েছেন।
এর আগের বৈঠকে তলব অগ্রাহ্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিপক্ষে মত দিয়েছিলেন সুরঞ্জিত।
সুরঞ্জিত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমরা সাক্ষীকে স্থায়ী কমিটির সামনে উপস্থিত হতে ডাকবো। এক্ষেত্রে হাজির না হলে দ্বিতীয়বারের মতো ডাকা হবে। তবে দ্বিতীয়বারও ওই সাক্ষীর সাড়া পাওয়া না গেলে কমিটি পুলিশের শরণাপন্ন হবে।"
তিনি জানান, আইনমন্ত্রী শফিক আহমেদ বৈঠকে স্থায়ী কমিটির চেয়ারম্যানদের অভিমতের সঙ্গে একমত পোষণ করেছেন এবং মন্ত্রিসভায় তা উত্থাপনের আশ্বাস দিয়েছেন।
স্থায়ী কমিটির তলবে হাজির হওয়া বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সংক্রান্ত একটি আইন তৈরির কাজ শুরু করে।
সংবিধানের ৭৬ (৩) অনুচ্ছেদ অনুযায়ী এ কমিটি আইন তৈরির প্রক্রিয়া শুরু করে বলেও জানান সুরঞ্জিত।
তিনি বলেন, "এই আইন ছাড়া আমাদের স্বতন্ত্র কমিটি পদ্ধতি পঙ্গু।"
দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা স্থায়ী কমিটির তলবে হাজির না হওয়ার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়।
এরই ধারাবাহিকতায় স্থায়ী কমিটির তলবে হাজির হওয়া বাধ্যতামূলক করার আইন তৈরির প্রক্রিয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/পিডি/২১৩৫ ঘ.
bdnews24