ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে চলতি মাসে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)।
এ জন্য চিঠিও দেওয়া হয়েছে বলে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানিয়েছেন।
সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সময় স্বল্পতার কারণে সব রাজনৈতিক দল কিংবা নিবন্ধিত দলগুলোকে আলোচনায় ডাকা হবে না।
"সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব রয়েছে তাদেরই আলোচনায় ডাকা হবে", বলেন তিনি।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৩৮ হলেও সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দলের সংখ্যা ১০টি।
এক প্রশ্নের জবাবে সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয়ের অর্থায়নে স্টেট ফান্ডিং (জন তহবিল) গঠনে একটি খসড়া করা হয়েছে। এ নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দলসহ সুশীল সমাজের সঙ্গে আলোচনা করা হবে।
ইউপি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ২২ ফেব্র"য়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
সিইসি জানান, আগামী মার্চে দেশের উপকূলীয় অঞ্চলের ২৮-৩০টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপি নির্বাচনের তফসিল চলতি মাসের শেষের দিকে ঘোষণা করা হবে।
দেশের বাকি অঞ্চলের ইউপি নির্বাচন মে মাসে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ইসির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে ৪ হাজার দুইশর বেশি ইউনিয়ন পরিষদ মেয়াদোত্তীর্ণ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/২০০৫ ঘ.
bdnews24