২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে 'জাতির পিতা' অন্তর্ভুক্তিতে একমত বিশেষ কমিটি

জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তা প্রদর্শনের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করতে একমত সংবিধান সংশোধন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তা প্রদর্শনের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করতে একমত সংবিধান সংশোধন কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ সভাপতি জানান, সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রেখে বিশেষ কমিটির কার্যক্রম চলছে। বাংলাদেশের জাতীয়তা বাঙালি ও নাগরিকত্ব বাংলাদেশি রাখার বিষয়েও একমত হয়েছে কমিটি। কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু ও হাছান মাহমুদ অনুপস্থিত ছিলেন। তবে কমিটির গৃহীত সিদ্ধান্তের বিষয়ে তাদের মতামতও নেওয়া হবে বলে জানান সুরঞ্জিত। গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে এই বিশেষ কমিটি গঠন করা হয়। সবার কাছে গ্রহণযোগ্য হয় এমনভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নেবে বিশেষ কমিটি। সংবিধানে চার অনুচ্ছেদ পর্যন্ত পর্যালোচনা করেছে ওই কমিটি। পর্যায়ক্রমে কমিটির এ আলোচনা অব্যাহত থাকবে। 'তিন ভিত্তি মাথায় রেখে আলোচনা' সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সংবিধান সংশোধন বিষয়ে গঠিত বিশেষ কমিটির কাজের মূলভিত্তি হচ্ছে- জাতীয় মুক্তির সংগ্রাম, রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের ইতিহাস। প্রত্যেক জাতিরই সংবিধানেই এই তিনটি ভিত্তির প্রতিফলন ঘটে। মঙ্গলবারের বৈঠক বিষয়ে তিনি বলেন, "তিনটি মূলভিত্তিকে মাথায় রেখেই আলোচনা শুরু করেছে কমিটি। কিছু সিদ্ধান্তও নিয়েছি আমরা।" সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল থাকবে। ইসলামকে রেখে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্য সব ধর্মের সম-অধিকার সমুন্নত রেখেই আলোচনা হয়েছে। অনুচ্ছেদ চার এর (ক) বাতিল করা হবে জানিয়ে সুরঞ্জিত বলেন, "এ অনুচ্ছেদের উপধারা ৫-এ জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি'র বিষয়টি উল্লেখ করে তা সংযোজন করা হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সকল সরকারি-আধা সরকারি ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে সংরক্ষণ-প্রদর্শন ৬ উপধারায় অন্তর্ভুক্ত করা হবে।" জাতীয়তা হবে বাঙালি নাগরিকত্বের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "জাতীয়তা হবে বাঙালি। তবে দেশের নাগরিকরা বাংলাদেশি বলে পরিচয় হবে। জাতীয়তাবাদ ও নাগরিকত্বের বিষয়ে আমরা একমত হয়েছি।" বিরোধী দলের অনুপস্থিতিতে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিয়ে তা সংবিধানে অন্তর্ভুক্ত করার পর তা নিয়ে পরে প্রশ্ন উঠবে কি না- জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "পাকিস্তানে তো জাতির পিতা আছে, তাদের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। যারা পাকিস্তান বিশ্বাস করে তাদের তো জিন্নাহ সাহেব আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯১৪ ঘ.