জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশর ও তিউনিশিয়ার গণজাগরণ থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, "মিশর ও তিউনিশিয়ায় বর্তমান ইন্টারনেট ও ফেসবুক প্রজন্ম যে গণ অভ্যুথ্যান ঘটিয়েছে, তা থেকে প্রেরণা নিয়ে বাংলাদেশের বর্তমান প্রজন্মকেও সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
তিনি বলেন, "ছাত্র রাজনীতি করা অন্যায় নয়, কিন্তু ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির অনুষ্ঠানে বলেন, গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাশও বন্ধ থাকেনি। এই বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট নির্মূল হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক ২০১০-২০১১ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের এই অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ অনুষদের ডিন ও পরিচালকদের কাছে উপস্থাপন করেন।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, নিবন্ধক আবু বকর সিদ্দিক ও প্রক্টর আরজু মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২২১ ঘ.
bdnews24