মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
এ সময় একটি শটগানসহ আলমগীর শিকদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- অলিউল্লাহ (৩৮), শরীফ মীর (৩৫), রুবেল (১৮), বাবু (২৩), নুরুল ইসলাম (৫০), খবির (৪৮), হারুন (৩৫) ও কালা (৩৭)। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা মোল্লার সমর্থকদের মধ্যে শনিবার দুপুরে এই সংঘর্ষ হয়। এ সময় ককটেল ও গুলির শব্দ পাওয়া যায়।
ওসি বলেন, "আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই এ দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।"
তিনি জানান, সংঘর্ষের সময় আলমগীর নামের একজনকে একটি শটগানসহ আটক করেছে পুলিশ।
শাহ আলম মল্লিক এ ঘটনার জন্য মোস্তফা মোল্লা ও তার সমর্থকদের দায়ী করেছেন। অন্যদিকে মোস্তফা মোল্লাও এই সংঘর্ষের জন্য দায়ী করেছেন অন্যপক্ষকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৭৫৩ ঘ.
bdnews24