ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত সংবিধানেও 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' থাকবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি শুক্রবার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন।
সুরঞ্জিত বলেন, "ধর্মীয় সুক্ষ্ম মূল্যবোধ হুবহু রেখেই স্বাধীনতার চেতনায় সংবিধান সংশোধন করা হবে। যারা এ বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, তাদের আর সুযোগ দেওয়া হবে না।"
"তাই বিসমিল্লাহির রাহমানির রাহিম রেখেই সংবিধান সংশোধন করা হবে", বলেন তিনি।
আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করার পর সরকার গত বছর সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। এজন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়।
গত ৯ ফেব্র"য়ারি সুরঞ্জিত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের বলেছিলেন, "আমরা সর্বসম্মতভাবে সংবিধানে ১৯৭২ সালের প্রস্তাবনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।"
এ সুপারিশ কার্যকর হলে সংবিধানের বর্তমান প্রস্তাবনাটি ১৯৭২ সালের প্রস্তাবনা দিয়ে প্রতিস্থাপিত হবে। সে ক্ষেত্রে 'বিসমিল্লাহির-রহমানির রহিম', 'দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে' ও 'সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস'- এই কথাগুলো সংবিধানে থাকবে না।
১৯৭৭ সালে জেনারেল জিয়াউর রহমান এক সামরিক আদেশে ১৯৭২ সালের সংবিধান সংশোধন করে প্রস্তাবনায় ওই শব্দগুলো অন্তর্ভুক্ত করেন।
তবে এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশনায় সংবিধান পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এরপরও সংশোধনের কিছু থাকলে তা বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করা হবে বলে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত ইতোপূর্বে জানান।
তিনি শুক্রবারের সভায় বলেন, "বিচার বিভাগ সংবিধানের রক্ষক হয়েও গত ৩৬ বছর ভক্ষকের কাজ করেছে।"
সংবিধানের নির্দেশনা অনুসারে, এটি সংশোধন করতে জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
সুরঞ্জিত ৯ ফেব্রুয়ারি জানান, আইনমন্ত্রী শফিক আহমেদ ১৯৭২ সালের সংবিধানের পুনর্মুদ্রিত কপি আগামী ১৫ ফেব্র"য়ারি কমিটির সদস্যদের হাতে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
"কমিটি পুনর্মুদ্রিত কপির প্রতিটি অনুচ্ছেদ পরীক্ষা করে দেখবে এবং সে অনুযায়ী সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল আনার জন্য সুপারিশ করবে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24