২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিস্যা, ক্ষতিপূরণ 'বাংলাদেশের দাবিতে পাকিস্তানের সাড়া নেই'

সম্পদের ন্যায্য হিস্যা, ক্ষতিপূরণসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের দাবির ব্যাপারে বারবার তাগাদা দিলেও পাকিস্তান কোনো সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের ন্যায্য হিস্যা, ক্ষতিপূরণসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের দাবির ব্যাপারে বারবার তাগাদা দিলেও পাকিস্তান কোনো সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। সোমবার জাতীয় সংসদে ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মতিউর রহমানের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এ কথা জানানো হয়। দীপু মনির হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর লিখিত বক্তব্যে বলা হয়, পাকিস্তান সাড়া না দিলেও সরকার সম্ভাব্য সব উপায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। ১৯৭৭ সালে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়- ঊভয় দেশই দেনা-পাওনার বিষয়গুলো পরীক্ষা করে দেখবে। পরবর্তীতে বাংলাদেশ বহুবার তাগাদ দিলেও পাকিস্তান বৈঠকে বসতে অনীহা দেখিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের কূটনৈতিক প্রচেষ্টা 'বেগবান' হয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী। দীপু মনির পক্ষে সংসদে জানানো হয়, সর্বশেষ গত নভেম্বর মাসে ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের পঞ্চম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সেখানে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানীদের ফিরিয়ে নেওয়া, বাংলাদেশকে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং উত্তরসূরী রাষ্ট্র হিসেবে অবিভাজিত সম্পদে বাংলাদেশের সম্পদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার সুনির্দিষ্ট দাবি জানানো হয়। মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ সংসদকে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ফেলানির মৃত্যু একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে- সে জন্য দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। জয়নাল আবদিনের এক প্রশ্নের জবাবে দিপু মনির পক্ষে জানানো হয় টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে না বলে আশ্বাস দিয়েছে ভারত সরকার। এ কারণে বাংলাদেশ এ নিয়ে জাতিসংঘে যায়নি। নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে জানানো হয, বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার ৩৬ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। এর মধ্যে মালয়শিয়ায় আটক আছেন সর্বোচ্চ ১৯০০ বাংলাদেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২৫২ ঘ.