মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে সহিংস বিক্ষোভের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের হয়রানি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ।
শনিবার শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এই সাংসদ বলেন, "আপনাদের কোনো হয়রানি করা হবে না। আপনারা গুজবে কান না দিয়ে যে কোনো বিষয় আমাকে অথবা ডিসি, এসপি বা প্রশাসনের কাউকে সরাসরি ফোন করে জানাবেন।"
স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক নিরসনে উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। বেলা ১১টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ সভায় আড়িয়ল বিলের আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা অংশ নেন।
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে আড়িয়ল বিল রক্ষা কমিটির ডাকে গত ৩১ জানুয়ারি শ্রীনগর বাজারে ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক অবরোধ করে জনতা। পুলিশ তাদের বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ। দিনব্যাপী সহিংসতায় এক পুলিশ সদস্য নিহত হন।
ওই ঘটনায় ২১ হাজার লোককে আসামি করে চারটি মামলা দায়ের হয়। গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়েন কোনো কোনো গ্রামের বাসিন্দারা।
মতবিনিময় সভায় কয়েকজন গ্রামবাসী তাদের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন- বিক্ষোভ-সহিংসতার পর পুলিশ এসে ধরপাকড়-মারপিট করতে পারে বলে আশঙ্কা করছিলেন তারা। স্থানীয় মসজিদের মাইকেও বিভিন্ন সময় এ ব্যাপারে সতর্ক করে ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আজিজুল আলম এ ব্যাপারে তাদের আশ্বস্ত করে বলেন, "আপনারা শান্তি-শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করুন, আমরা আপনাদের পাশে আছি।"
একই আহ্বান জানিয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, "আপনারা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে আমাদের সহায়তা করুন।"
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাতিলের কথা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে 'পদ্মার ওপারে'।
শ্রীনগর উপজেলা কর্মকর্তা (ইউএনও) আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী, মদনখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক, আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ত বাবু, মদনখালী শীবরামপুরের ইউনিয়ন পরিষদ সদস্য আলী আকবর আন্টু, বড়ৈখালীর সেন্টু মেম্বার, শ্যামসিদ্ধির ইসমাইল ঢালী, হাঁসাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সুফিয়া বেগম ও ষোলঘর গ্রামের সাত্তার মাস্টার, মো. টগর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২০৩৯ ঘ.
bdnews24