২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা দাবিতে যুবলীগের মারধর, সড়ক অবরোধ নরসিংদীতে

চাঁদার দাবিতে যুবলীগের এক নেতার নেতৃত্বে ঠিকাদার ও পুলিশকে মারধরের পর নরসিংদীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

নরসিংদী, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদার দাবিতে যুবলীগের এক নেতার নেতৃত্বে ঠিকাদার ও পুলিশকে মারধরের পর নরসিংদীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। অবরোধের কারণে শনিবার সকালে এক ঘণ্টা নরসিংদী-টঙ্গী সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। এ সময় দ'ুটি বাড়ি ভাংচুর করা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তারের পর জনতা অবরোধ তুলে নেয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- যুবলীগের সহ সভাপতি চঞ্চল (৩২), শ্যামল ঘোষ (২০), জাবেদ (২০), মোসলেহ উদ্দিন (৩৫), শফিকুল ইসলাম (২৪), সিরাজুল ইসলাম (২০), মতিউর রহমান (৬২) ও আলম (২০)। ঘোড়াশাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির ও ঠিকাদার সাখাওয়াত হোসেনকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন সকালে ঘোড়াশাল রোডের সাকারিয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মাণের কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, ঘোড়াশাল যুবলীগের সহ সভাপতি চঞ্চল ও তার অনুসারীরা ঠিকাদার মনিরের কাছে চাঁদা দাবি করে। পলাশ থানার ওসি আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, "চাঁদা না দেওয়ায় সাখাওয়াতকে পেটায় তারা (যুবলীগকর্মীরা)। অভিযুক্তদের গ্রেপ্তার করতে গেলে তারা ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ আহসান কবিরকে পিটিয়ে আহত করে।" পরে সন্ত্রাসীরা পাশের কাশেম মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। ঠিকাদার সাখাওয়াত ও পুলিশের ওপর হামলার পর সাকারিয়াবাসী রাস্তায় নেমে আসে এবং গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এসময় কাশেম মিয়া ও তার ছেলে ওবাইদুল কাশেমের বাড়িতে হামলা চালিয়ে এলাকাবাসী ভাংচুর ও লুটপাট করে। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এ ঘটনায় পলাশ থানায় পৃথক দু'টি মামলা হয়েছে। ওসি আতিকুর বলেন, যুবলীগ নেতা চঞ্চলসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৫৩ ঘ.