ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকার যদিও সরে, তারপরও অন্য দাবিগুলো না মানলে ৭ ফেব্রুয়ারির হরতাল প্রত্যাহার করবে না বিএনপি।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বলেছেন, "সোমবারের হরতাল কেবল আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণ বন্ধের দাবিতেই নয়। ওই ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনকারীদের বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিও আমাদের রয়েছে।"
"এসব দাবি পূরণ হলে আমরা হরতাল প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবো", বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেছেন, তারা শান্তিপূর্ণ হরতাল করতে চান। এতে বাধা দেওয়া হলে তার দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে দ্রব্যমূল্য বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অসত্য বলে দাবি করেন দেলোয়ার। তিনি বলেন, "তিনি মিথ্যাচার করেছেন, ইতিহাস বিকৃত করেছেন। ২০০৮ সালে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ১০ টাকায় চাল খাওয়াবেন বলেছেন।"
চালের দাম কেজিপ্রতি ১০ টাকায় নামিয়ে আনার প্রতিশ্রুতি আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা গত নির্বাচনের সময় দিয়েছিলেন বলে বিএনপি নেতারা বলে আসছেন। এর জবাবে হাসিনা বুধবার সংসদে বলেন, বিরোধী দল মিথ্যাচার করছে। চালের দাম বিষয়ক ওই বক্তব্যটি তিনি ১৯৯৬ সালে নির্বাচনের আগে দিয়েছিলেন।
হবিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে নিয়ে বৃহস্পতিবার জিয়াউর রহমানের কবরে ফুল দেন দেলোয়ার। ওই সময় সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়।
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তকে 'হঠকারী' অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, "কোনো সম্ভাব্যতা যাচাই ছাড়া এই স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানীয় জনগনের ওপর নির্যাতন চালানো হয়েছে। আমাদের যেসব আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে, সেগুলোই শতভাগ ব্যবহৃত হচ্ছে না। ওইসব বিমান বন্দর সঠিকভাবে আধুনিকায়ন করা হলে আরও ৩০ বছর নতুন কোনো বিমান বন্দরের প্রয়োজন হবে না।"
আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শকও নিহত হন। আহত হয় অর্ধশত।
এরপর বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আড়িয়ল বিল এলাকার মানুষ বিমানবন্দর না চাইলে সেখানে বিমানবন্দর হবে না।
জিয়ার কবলে ফুল দেওয়ার সময় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৪ ঘ.
bdnews24